রোজদিন ডেস্ক : সারা দেশে অসমের মুখ্যমন্ত্রী সব থেকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। আজ অসমে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ও বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ওঁরা এখানে কর্পোরেটদের বিপুল হারে জমি দিয়ে দিচ্ছেন। বোকাজানে দলের প্রার্থী রতন এংতি-র সমর্থনে প্রচারে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে মিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে “জমির এটিএম” তৈরি করেছেন। তাঁর দাবি, তিনটি বড় কর্পোরেট সংস্থাকে ৯৮, ৪০০ বিঘা জমি দেওয়া হয়েছে।
আমজনতার কাছে থেকে জমি ছিনিয়ে নিয়ে শিল্পপতিদের দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাহুল গান্ধী বলেন,কংগ্রেস সরকার ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন উনি আত্মবিশ্বাসী, কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু হলেই চুপ করে যাবেন।
অকাল প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী বলেন, তিনি রাজ্য ও এখানকার মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। কংগ্রেস ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যে নিশ্চিত ভাবে বিচার দেবে।
কংগ্রেস বিকেন্দ্রীকরণ-এ বিশ্বাস করে, বিজেপি অসমকে দিল্লি থেকে চালাতে চায়।
কার্বি আংলং ও অন্য ষষ্ঠ তফশিল এলাকায় তাঁরা স্বায়ত্তশাসন দেবেন বলে জানান।
আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির তিনি তীব্র নিন্দা করেন।

Be the first to comment