রোজদিন ডেস্ক : দক্ষিণ ভারতের নামী অভিনেতা তথা রাজনীতিক বিজয়ের পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধীর বার্তা নিয়ে দলে গুঞ্জন উঠেছে।।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিজয়ের জন নায়গন ছবিকে শংসাপত্র দিতে গড়িমসি করায় তোপ দেগেছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। খোদ প্রধানমন্ত্রীকে আক্রমণ করে আজ সমাজ মাধ্যমে তিনি বলেন, এই সব করে তামিল জনতার কন্ঠরোধ করা যাবে না। একে তিনি তামিল সংস্কৃতির ওপর আঘাত বলে মনে করেন।
কেন্দ্রের বর্তমান সরকারের আমলে বিজেপি, আরএসএস বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করতে চায় বলে কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ করেন।
তবে তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই মন্তব্য অন্য মাত্রা নিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করেন।
এর আগে তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে-র সঙ্গে জোট বেঁধে ওই রাজ্যে লড়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। এবার অভিনেতা রাজনীতিবিদ বিজয় নিজের দল তৈরি করেছেন, যা ইতিমধ্যে ডিএমকে বিরোধী বলে পরিচিতি পেয়েছে।
সমাজমাধ্যমে রাহুল গান্ধীর বক্তব্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, এখন তিনি পোঙ্গল উপলক্ষে নীলগিরির গুদালুরে আছেন। সদ্য ভিয়েতনাম থেকে ফেরার পর এটিই তাঁর প্রথম বার্তা। এই বার্তায় তাঁর রাজনৈতিক ও সাংস্কৃতিক অভিমুখ প্রতিফলিত হয়েছে কিনা তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর, বিজয়ের জন নয়াগান ছবির শংসাপত্র দেওয়া নিয়ে গড়িমসি ইত্যাদি নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, কংগ্রেস আগেই প্রতিবাদ করেছেন। সংস্কৃতির ক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশের তাঁরা বিরোধী।
তবে আজ রাহুল গান্ধীর সমাজ মাধ্যমে বার্তা নিয়ে দলের অন্দরে গুঞ্জন উঠেছে বলে জানা যায়। বিজয়ের টিভিকের সঙ্গে কংগ্রেস জোট বাঁধলে বিধানসভা নির্বাচনে ভাল ফল হবে বলে দলের একাংশ মনে করেন। তবে দলের প্রবীণ নেতারা এখনই এই নিয়ে মন্তব্যে রাজী নয়। সূত্রের খবর, তামিলনাড়ু নির্বাচনে দল কি করবে, কোন জোটে যাবে ইত্যাদি নিয়ে আগামী সপ্তাহে সমীক্ষা হবে।

Be the first to comment