RG KAR CASE : পুলিশের অতি সক্রিয়তায় প্রশ্ন, নতুন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ

Spread the love

রোজদিন ডেস্ক: আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। তার মধ্যে অভয়ার শেষকৃত্য নিয়ে আলাদা এফআইআর রুজু করে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে, এদিন নতুন করে তদন্ত শুরু করা নিয়ে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করে। মৃতার পরিবারের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায়ের দাবি, আদালত জানিয়েছে, আরজি কর মামলায় আদালতের নজরদারিতে ইতিমধ্যেই সিবিআই তদন্ত করছে এবং বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তার পরেও খড়দহ থানা কীভাবে ও কেন অতি সক্রিয় হয়ে নতুন এফআইআর দায়ের করল? আদালতের আরও পর্যবেক্ষণ, আগেই তদন্তের রূপরেখা ঠিক করে দেওয়া হয়েছিল। এর পরেও নতুন এফআইআর করা আদালতের সঙ্গে চালাকি করার সামিল কি না, তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে আদালত। আদালত স্পষ্ট জানিয়েছে, শেষকৃত্য সংক্রান্ত অভিযোগ-সহ গোটা মামলার তদন্ত সিবিআই-ই করবে। রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজি কর মামলায় পুনরায় তদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশের পর খড়দহ থানা নতুন এফআইআর করে এবং তরুণীর দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ-সহ তিনজনকে গ্রেফতারও করে। পুলিশের এই অতি সক্রিয়তাই এবার প্রশ্নের মুখে পড়ল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*