প্রতিবেদন: আরজি কর কাণ্ডে (R G Kar case) প্রথম থেকেই সন্দেহের তির ছিল তাঁর দিকে। অভিযোগ উঠেছিল, ঘটনার পর তিলোত্তমার দেহ তড়িঘড়ি দাহ করা ও একাধিক প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন তিনি। সেই অভিযোগ নিয়ে ফের তদন্ত শুরু হতেই এলাকা ছেড়ে পালান পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ঘনিষ্ঠ পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে (Somnath Dey)। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে রাজ্য পুলিশের একটি বিশেষ দল বেঙ্গালুরু গিয়ে অপারেশন চালিয়ে তাঁকে গ্রেফতার করে। তদন্তকারীরা গোপন সূত্রে খবর পেয়ে তাঁর অবস্থান চিহ্নিত করেন এবং বেঙ্গালুরু অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ট্রানজিট রিমান্ডে আগামীকাল শুক্রবার ধৃতকে খড়দহ থানায় আনা হবে। সেখানে তাঁকে কার কার নির্দেশে তিনি ওই কাজ করেছিলেন সে বিষয়ে বিশদ জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ।অভিযোগ ওঠে, গত বছর ৯ অগাস্ট ঘটনার পরই আরজি কর হাসপাতালে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। তারপর কোনও এক গোপন নির্দেশ পেয়েই তৎকালীন পুরপ্রধান সোমনাথ দে অতিসক্রিয় হয়ে উঠেন। হাসপাতাল থেকে তিলোত্তমার দেহ বাড়িতে নিয়ে আসা, তারপর তড়িঘড়ি সেটা দাহ করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত সক্রিয় ছিল। তিলোত্তমার পরিবারের অভিযোগ, তিনি প্রভাব খাটিয়ে এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে তড়িঘড়ি সমস্ত আইনি ও সামাজিক প্রক্রিয়া এড়িয়ে দেহ দাহ করার বন্দোবস্ত করেছিলেন। এর পিছনে মূল উদ্দেশ্য ছিল যাবতীয় তথ্যপ্রমাণ লোপাট করা।

Be the first to comment