রোজদিন ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনে আজ ১৪৩টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল আরজেডি (RJD)। দলের শীর্ষ নেতা তেজস্বী যাদব বৈশালী জেলার রাঘোপুর থেকে প্রার্থী হচ্ছেন।অন্যদিকে কংগ্রেসও পৃথক ভাবে ৬ জনের তালিকা প্রকাশ করেছে। এর আগেই তারা ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল। এখন অবধি পাওয়া খবর অনুযায়ী কংগ্রেস ৬০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আজ আরজেডি-র প্রকাশিত তালিকায় দেখা গেছে, বেশ কিছু আসনে কংগ্রেসের ঘোষিত প্রার্থীর কেন্দ্রে তারাও প্রার্থী দিয়েছে। যা নিয়ে বিহারের রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। আগেই একতরফা ভাবে কংগ্রেস ৪৮ জনের প্রার্থী তালিকা ঘোষণা করায় উভয় দলের মতভেদ ও টানাপোড়েন প্রকাশ্যে এসেছিল। আজ আরজেডি-র প্রার্থী তালিকা প্রকাশের পর তা আরও জটিল হল বলে রাজনৈতিক মহল মনে করেন। যে সব আসনে দুই দলই প্রার্থী দিয়েছে, সেখানে এক দল নাম প্রত্যাহার করবে, নাকি “বন্ধুত্বপূর্ণ “(!) প্রতিদ্বন্দ্বিতা হবে তা এখনও স্পষ্ট নয়।
বিরোধীদের মহাগটবন্ধনের অন্য শরিকদের সঙ্গেও আসন রফা হয়নি। সিপিএম ও সিপিআই গতবারের জয়ী আসনে প্রার্থী দিয়েছে। সিপিআইএমএল এবার আরও বেশি আসনে প্রার্থী দাবি করেছে। তারাও নিজেদের মত করে প্রার্থী দিচ্ছে।
তবে দুই বড় শরিক কংগ্রেস ও আরজেডি-র মতান্তর নিয়েই বিহারের রাজনীতি এখন সরগরম। প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ রাম আরজেডি-র বিরুদ্ধে জোট বিরোধী কাজের অভিযোগ করেছেন। একই অভিযোগ করছে আরজেডি-ও। মাত্র কয়েক মাস আগে রাহুল গান্ধীর সঙ্গে তেজস্বী যাদবের হাসিমুখে ভোটার অধিকার যাত্রার ছবি ক্রমেই ফিকে হতে বসেছে।
আগামী ৬ ও ১১ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিরোধীদের এই ছন্নছাড়া হাল দেখে এনডিএ উল্লসিত।

Be the first to comment