রমিত সরকার, কৃষ্ণনগর:
শনিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নদিয়ার কৃষ্ণনগর শহরের রাজা রোড এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। মৃতের নাম গোবিন্দ দাস বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে সাইকেল নিয়ে দোকান থেকে বাড়ি ফিরছিলেন গোবিন্দ দাস। সেই সময় হঠাৎই রাস্তার বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির পণ্যবাহী গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাকে। ধাক্কার জেরে তিনি রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি, এবং মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দুর্ঘটনার পরেই অভিযুক্ত গাড়িটি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দারা তৎপরতা দেখিয়ে গাড়িটিকে ধাওয়া করে ক্ষৌনিশ পার্কের সামনে গিয়ে আটক করেন। উত্তেজিত জনতা গাড়ির চালককে মারধরও করে বলে অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ গাড়িটিকে আটক করে এবং চালককে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
অন্যদিকে, দুর্ঘটনার পর গুরুতর আহত গোবিন্দ দাসকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও প্রথমে কোনো টোটো থামছিল না বলে অভিযোগ। পরে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি—হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Be the first to comment