রোজদিন ডেস্ক : সদ্য প্রয়াত বিশিষ্ট বামপন্থী নেতা সমীর পূততুন্ডকে শেষ শ্রদ্ধা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার। আজ কলকাতায় পিডিএস দফতরে প্রয়াত নেতার মরদেহে পুষ্পার্ঘ্য দিয়ে তিনি শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে আশুতোষ চ্যাটার্জি, সুমন রায় চৌধুরী, তপন দাস প্রমুখ ছিলেন।

প্রয়াত সমীর পূততুন্ডকে শ্রদ্ধা জানিয়ে শুভংকর সরকার বলেন, এখন রাজনীতি করতে এসে যেখানে বেশির ভাগ মানুষ ক্ষমতার দিকে পা বাড়ান, সেখানে উনি স্রোতের বিপরীতে গিয়ে নিজের দল গড়েছিলেন। এটি বিরল ঘটনা বলে তিনি জানান।
প্রয়াত নেতার স্ত্রী অনুরাধা পূততুন্ডের সঙ্গে দেখা করেও কথা বলে তাঁকে সমবেদনা জানান।
সমীর পূততুন্ড দেহদান করে গেছেন। আজ দলের দফতরে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর এই শেষ ইচ্ছা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন দলের সঙ্গে মতান্তরের জেরে বন্ধু, সহযোগী প্রয়াত সইফুদ্দিন চৌধুরীর সঙ্গে দল ছেড়েছিলেন সমীর পূততুন্ড। দক্ষিণ ২৪ পরগণায় জেলা সম্পাদক ও ছিলেন তিনি। প্রয়াত সইফুদ্দিন চৌধুরীর সঙ্গে গড়ে তুলেছিলেন পিডিএস। মূলত বামপন্থায় বিশ্বাসী এই দুই নেতা কখনোই ক্ষমতার অলিন্দে আদর্শ বিসর্জন দিয়ে টিকে থাকতে চাননি। স্ত্রী অনুরাধা সিপিএমের বিধায়ক হয়েছিলেন, স্বামীর সঙ্গে তিনিও দল ছেড়ে পিডিএসে যোগ দেন। সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনে অংশ নিলেও পরিবর্তনের সরকারেও কোন পদ প্রত্যাশী ছিলেন না তাঁরা ও তাঁদের দল।
প্রয়াত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে সৌজন্যের রাজনীতির বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার ও তাঁর দলও।

Be the first to comment