রোজদিন ডেস্ক : ছয় মাস আগে একমাত্র কন্যা সন্তানকে হারিয়েছেন তিনি। অভিযুক্তরা সকলে এখনও ধরা পড়েনি। ধরা পড়বে কিনা তাও অনিশ্চিত। এই সব নিয়ে মানসিক দুশ্চিন্তায় এবার বেশি ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হলেন তমান্নার মা সাবিনা। সেই ছোট্ট মেয়ে তমান্না, জুন মাসে কালীগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনের ফল বেরোনোর দিন যাকে বোমার আঘাতে প্রাণ দিতে হয়েছিল। নিজেদের বাড়িতে মায়ের চোখের সামনে বোমার আঘাতে ছটফট করে নিথর হয়ে গেছিল তার ছোট্ট দেহ। অপরাধ তার বাবা-মা সিপিএমের সমর্থক। অভিযোগ ছিল, জয়ের আনন্দে টিএমসি সমর্থকেরা তাদের বাড়িতে বোমা ছোঁড়ে।
পরিযায়ী শ্রমিকের একমাত্র ছোট্ট মেয়ের এই নৃশংস হত্যায় স্তম্ভিত হয়েছিল গোটা রাজ্য। বিচারের দাবিতে নিম্নবিত্ত পরিবারটি অনেক চেষ্টা করেছেন। এখনও ধরা পড়েনি সব অভিযুক্ত। যারা ধরা পড়েছেন, তাঁরাও জামিন পেয়ে গেলে কি হবে, এই সব নিয়ে তীব্র দুশ্চিন্তা, মানসিক চাপে ছিলেন তমান্নার মা, মঙ্গলবার রাতে তিনি বেশি ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। পরিবার সূত্রে প্রকাশ, দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি স্থিতিশীল আছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযুক্তদের না ধরা হলে ফের তাঁরা হামলার শিকার হতে পারেন, এমন সব আশঙ্কায় মা সাবিনা এই পথ নেন বলে প্রকাশ।
একমাত্র কন্যা সন্তানকে চোখের সামনে নৃশংসভাবে খুন হতে দেখেছেন তিনি, সেই আতঙ্ক সব সময় মনের মধ্যে আছে। সূত্রের খবর, এই সব নিয়ে প্রবল চাপে আছেন এলাকাবাসীও।

Be the first to comment