প্রতিবেদন: রাজ্য সরকারের সব প্রশাসনিক দফতর ও অধীনস্থ দফতরে অবিলম্বে ডিপার্টমেন্টাল টেন্ডার কমিটি (TENDER COMMITTEE) বা ডিটিসি গঠন করে ফেলতে হবে। এমনই নির্দেশ দিল অর্থ দফতর। বৃহস্পতিবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেখানে এখনও এই কমিটি গঠন করা হয়নি, সেখানে দ্রুত তা কার্যকর করতে হবে। ওই নির্দেশ অনুযায়ী, প্রতিটি ডিপার্টমেন্টাল টেন্ডার কমিটির চেয়ারম্যান হবেন যুগ্ম-সচিব বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার কোনও আধিকারিক। থাকবেন সংশ্লিষ্ট ক্ষেত্রের একজন ইঞ্জিনিয়ার বা প্রযুক্তিগত বিশেষজ্ঞ, দফতরের ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, মুখ্যসচিব বা সচিব মনোনীত অন্য কোনও আধিকারিক। নির্দেশিকায় আরও বলা হয়েছে, টেন্ডার মূল্যায়ন ও সুপারিশ-সংক্রান্ত সমস্ত দায়িত্ব এই কমিটিকেই পালন করতে হবে। নির্দেশের অনুলিপি সব প্রশাসনিক দফতর, জেলাশাসক, পুলিশ কমিশনারেট, মহকুমাশাসক, বিডিও, ট্রেজারি অফিসার-সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

Be the first to comment