রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের রায়ের প্রেক্ষিতে কর্মরত শিক্ষকদের আবার টেট দিতে হলে বেশির ভাগই উত্তীর্ণ হবেন না বলে আশঙ্কা তাঁদের। সম্প্রতি এই পরীক্ষায় মাত্র ২.৪% পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় এই আশঙ্কা আরও বেড়েছে তাঁদের। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা বলেন, কর্মরত শিক্ষকদের টেট দিয়ে যদি এই রকম ফলাফল হয়, তবে একে তো বহু শিক্ষক কাজ হারাবেন, বহু বিদ্যালয়ও বন্ধ হয়ে যাবে। অবিলম্বে এই বিষয়ে শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করতে তাঁরা ফের রাজ্য সরকারকে আর্জি জানিয়েছেন।
নন টেট শিক্ষকদের এই পরীক্ষার প্রতিবাদে আজ তাঁরা উত্তরবঙ্গের শিলিগুড়িতেও মিছিল সমাবেশ করেন। আনন্দ হাণ্ডা র অভিযোগ, শিক্ষকদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্য, কোন সরকারই কিছু ব্যবস্থা নিচ্ছে না। অথচ বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নে শীর্ষ আদালতের বক্তব্য ও রূপায়িত করছে না রাজ্য। পরন্তু তড়িঘড়ি শিক্ষকদের বায়োডাটা সংগ্রহ করে ভীতির পরিবেশ সৃষ্টি করছে। তাঁরা অবিলম্বে এই বায়োডাটা সংগ্রহ বন্ধ করতে ও শীর্ষ আদালতে রাজ্যকে রিভিউ পিটিশন দাখিল করার দাবি জানান।
শিলিগুড়ির এই সমাবেশে সংগঠনের সভাপতি দিলীপ মাইতি, আনন্দ হাণ্ডা, শরতচন্দ্র রায়, ঝর্ণা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Be the first to comment