রোজদিন ডেস্ক : ফলতায় ২১ মে পুনর্নির্বাচন। তার ঠিক ৫ দিন আগে গ্রেফতার করা হল তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সইদুল খানকে। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, রাজনৈতিক হিংসা ছড়ানো-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। দীর্ঘদিন ধরেই সইদুলের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। শুক্রবার গভীর রাতে ফলতা থানার পুলিশ সাইদুলের বাড়িতে হানা দেয় এবং গ্রেপ্তার করে তাকে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পালাবদলের পর ফলতাতেই হচ্ছে প্রথম ভোট। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করবেন। তারপর ফলতায় কর্মিসভা রয়েছে তাঁর। আগামী ১৯ মে প্রচারের শেষ দিন ফলতায় মুখ্যমন্ত্রীর রোড শোয়ের কর্মসূচিও রয়েছে। এই আবহে দীর্ঘ বিরতির পর শুক্রবার ফলতায় প্রকাশ্যে দেখা গেল তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে। তার সঙ্গে ছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। তিনি জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে তৃণমূলের পার্টি অফিস খোলেন। সেই সঙ্গে জানান, আজ শনিবার থেকে ফলতায় প্রচার শুরু করছে দল।

Be the first to comment