রোজদিন ডেস্ক : শুক্রবার রাতেই প্রকাশিত হয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। আর সেই লিস্ট প্রকাশের পরও একাধিক তৃণমূল প্রার্থীর।নাম এখনও বিবেচনাধীন তালিকায়। ফলে তাঁদের ভোটে লড়া নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এই অবস্থায় তৃণমূল নেতৃত্ব অবশেষে শরণাপন্ন হল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। প্রধান বিচারপতিকে চিঠি দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এখনও পর্যন্ত তৃণমূলের ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে। চিঠিতে তাঁদের বিষয়ে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। এ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে ই-মেল করে ৩ পাতার চিঠি লিখেছেন চন্দ্রিমা। চিঠিতে প্রার্থীদের নাম, পরিচয়, কেন্দ্রের নাম, তাঁদের এপিক নম্বর-সহ পৃথক একটি তালিকাও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেগুলো দ্রুত নিস্পত্তির আবেদন জানিয়ে কোর্টের হস্তক্ষেপ দাবি করেছে তৃণমূল। তালিকায় রয়েছে গোয়ালপোখর, মোথাবাড়ি, সামশেরগঞ্জ, লালগোলা, নওদা, চণ্ডীতলা, উত্তরপাড়া ও দেগঙ্গার তৃণমূল প্রার্থীর নাম। এদিকে দ্বিতীয় তালিকায় নাম উঠেছে কাজল শেখ, মন্ত্রী শশী পাঁজার। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে ঘাসফুুল শিবিরে।

Be the first to comment