রোজদিন ডেস্ক : লোকসভায় আজই কি ভাঙছে তৃণমূল কংগ্রেস? গোটা দিল্লি জুড়ে এখন এই জল্পনাই তুঙ্গে। এরই মধ্যে রবিবার বিকেলে দিল্লি এসে পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন নেত্রী। তার আগে শনিবার দিল্লি পৌঁছে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও থাকবেন জোটের বৈঠকে। রবিবার দিল্লি পৌঁছেই দলের একাধিক লোকসভার সাংসদদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন তৃণমূলনেত্রী। তবে যেটা দেখার বিষয় তা হল, স্বয়ং দলনেত্রী দিল্লিতে পৌঁছলেও দলীয় সাংসদদের মধ্যে তার সঙ্গে দেখা করার কোনও আগ্রহ নেই। রবিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছে গিয়েছেন লোকসভায় তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। আগে থেকেই রয়েছেন রাজ্যসভার বেসুরো সাংসদ সুখেন্দুশেখর রায়। মনে করা হচ্ছে, এই দুজনই দল ভাঙানোর নেতৃত্ব দিচ্ছেন। সূত্রের খবর, আজ সোমবারই আলাদা শিবিরের কথা জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিতে চলেছেন তৃণমূল সাংসদরা। তবে দুই তৃতীয়াংশ সাংসদের সমর্থন নিশ্চিত না হলে চিঠি দেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। তাই রবিবার রাত থেকে সংখ্যা জোগাড়ের চেষ্টা চলছে। বিদ্রোহী শিবিরের যা খবর, এখনও পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে পারেনি তাঁরা। সেই সঙ্গে বিদ্রোহীদের নেতা কে হবেন, সেটা নিয়েও মতৈক্য হয়নি বিদ্রোহীদের মধ্যে। এই পরিস্থিতিতে রাজ্যসভার সাংসদরা তাকিয়ে আছেন লোকসভার দিকেই। লোকসভার বিদ্রোহের জল কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখে পরবর্তী পদক্ষেপ করবেন তারা।

Be the first to comment