সংহতি দিবসে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ও সতর্কবার্তা, স্মরণ করলেন অভিষেকও

Spread the love

রোজদিন ডেস্ক : আজ শনিবার, ৬ ডিসেম্বর। দিনটি সংহতি দিবস বা সম্প্রীতি দিবস হিসেবে পালন করছে তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষে এদিন ময়দানে গান্ধি মূর্তির সামনে এক সমাবেশের আয়োজন করেছে দল। সমাবেশে অবশ্য থাকতে পারছেন না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে থাকবেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এই উপলক্ষে এদিন সকালেই সোশ্যাল মিডিয়ায় সকলে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সকলকে সতর্ক করে রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দকে স্মরণ করে জানিয়ে দেন বাংলায় ভেদাভেদের রাজনীতি চলবে না। এক্স হ্যান্ডলে তিনি লেখেন—
“একতাই শক্তি
শুরুতেই আমি সকলকে ‘সংহতি দিবস’/ ‘সম্প্রীতি দিবস’ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি— এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না।
হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ — বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার।
যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।
সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।”

সংহতি দিবসে সকলকে শুভেচ্ছা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি সোশ্যাল মিডিয়ায় এনিয়ে পোস্ট করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*