রোজদিন ডেস্ক : প্রেমের দিবসে দীর্ঘ দিনের প্রেমিকাকে হত্যা করে আত্মঘাতী হলেন দিল্লির এক ক্রিকেটার। নয়ডায় বন্ধ গাড়িতে এই হাড়হিম ঘটনা হয়। নিহত রেখা নয়ডার সালারপুর ও সুমিত দিল্লির ত্রিলোকপুরীর বাসিন্দা। সুত্রের খবর, স্কুল জীবন থেকেই তাদের সম্পর্ক শুরু। দীর্ঘ পনের বছরের এই সম্পর্কে ফাটল ধরেছে বলে সন্দেহ করেন সুমিত, তিনি ক্রিকেটার বলে স্থানীয় সূত্রে জানা যায়। শুক্রবার সুমিত গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন।অন্যদিকে রেখা ও তাঁর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। তাঁর বাড়ির লোক মেয়েকে না পেয়ে পুলিশে মিসিং ডায়েরি করেন। ক্রিকেট খেলা ছাড়া সুমিত ব্যবসাও করতেন। রেখার জন্য এক কোটি টাকা দিয়ে ফ্ল্যাটও কেনেন। খুব শীঘ্র তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। এরই মাঝে সুমিতের সন্দেহ হয়, রেখা তাঁকে বিয়ে করবেন না। শুক্রবার তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন বলে রেখাকে বার্তা পাঠান।
শনিবার দুপুরে নয়ডায় এক বন্ধ গাড়ির ভিতর থেকে গুলির আওয়াজ শুনে স্থানীয় মানুষ সচকিত হয়ে ছুটে যান। গাড়ি ভিতর থেকে বন্ধ থাকায় তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গাড়ির জানলা ভেঙে রক্তাক্ত দুজনের মৃতদেহ উদ্ধার করে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। রেখাকে হত্যা করে সুমিত আত্মহত্যা করেন বলে পুলিশের অনুমান। তদন্ত চলছে।

Be the first to comment