ফের রদবদল রাজ্য পুলিশে, সিআইডির এডিজি পদে লক্ষ্মীনারায়ণ মিনা

Spread the love

রোজদিন ডেস্ক : ৩০ জানুয়ারির বড়সড় রদবদলের রেশ কাটতে না কাটতেই রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের কিছু পদে বদলি করা হল। শনিবার নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় একাধিক এডিজি, আইজিপি, ডিআইজি ও জেলা পুলিশ সুপারের দায়িত্ব বদলের কথা জানানো হয়েছে। যদিও নবান্নের দাবি, এটি রুটিন প্রশাসনিক বদলি। নির্দেশিকা অনুযায়ী, এত দিন এডিজি ও আইজিপি (মডার্নাইজেশন অ্যান্ড কো-অর্ডিনেশন) পদে থাকা রাজীব মিশ্রকে পাঠানো হল এডিজি ও আইজিপি (সাউথ বেঙ্গল) পদে। এডিজি ও আইজি (কারেকশনাল সার্ভিস) লক্ষ্মী নারায়ণ মিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডির এডিজি ও আইজিপি পদে। জেলা পুলিশের মুর্শিদাবাদ ও জঙ্গিপুর রেঞ্জের আইজিপি মুকেশকে পাঠানো হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর আইজিপি পদে। এ ছাড়াও বদল হয়েছে ডিআইজি স্তরেও। নদিয়া ও রানাঘাট রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকুয়ার রাজাকে পাঠানো হয়েছে মুর্শিদাবাদের ডিআইজি পদে। পাশাপাশি দুই জেলার পুলিশ সুপার পদেও রদবদল হয়েছে। কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথকে হচ্ছেন জলপাইগুড়ির নতুন এসপি। অন্য দিকে, জলপাইগুড়ির পুলিশ সুপার ওয়াই রঘুবংশীকে পাঠানো হয়েছে কৃষ্ণনগরের পুলিশ সুপার পদে। গত ৩০ জানুয়ারি রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল হয়েছিল। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হন পীযূষ পান্ডে এবং কলকাতা পুলিশের কমিশনারের দায়িত্ব পান সুপ্রতিম সরকার। তার কয়েক দিনের মধ্যেই ফের এই রদবদল ঘিরে প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। নবান্ন অবশ্য স্পষ্ট করেছে, এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ারই অঙ্গ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*