আজ রবিবার থেকে যুবসাথী-সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্তিকরণ শিবির শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : আজ রবিবার থেকে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে যুবসাথী-সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্তিকরণ শিবির শুরু হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন নেওয়ার প্রক্রিয়াও শুরু হচ্ছে রবিবার থেকে। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকারের ধাঁচে বিশেষ শিবির হবে। সেখানে যুবসাথী ও কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্তির জন্য আবেদনপত্র বিলি এবং গ্রহণ করা হবে। শনিবার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী জেলাশাসকদের জানান, ওই শিবিরেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যও নতুন করে আবেদন নেওয়া হবে। এর জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রে একাধিক শিবির করা হবে। কারণ বেশিরভাগ কেন্দ্রের আয়তন বড় হওয়ায় একটি শিবিরে এলাকার সমস্ত মানুষ পৌঁছতে পারবেন না। সেই কারণে জেলার আয়তন অনুযায়ী প্রতিটি কেন্দ্রে চার থেকে পাঁচটি শিবির করার পরিকল্পনা হয়েছে। মূলত ব্লক অফিস ও পুরসভা ভবনে শিবির হবে। প্রয়োজনে স্কুলের মাঠেও শিবির করা যাবে। খোলা জায়গায় শিবিরের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। এমন জায়গা বেছে নেওয়া হচ্ছে, যেখানে সহজে বেশি মানুষ আসতে পারবেন।
রবিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবির চলবে। লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষকবন্ধু প্রকল্পের আবেদনপত্র নিতে হলে আনতে হবে আধার কার্ড, ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার প্রতিলিপি এবং দু’কপি পাসপোর্ট সাইজ ছবি। তফসিলি জাতি ও উপ জাতিভুক্তদের ক্ষেত্রে ওই নথির সঙ্গে জাতিগত শংসাপত্রের প্রতিলিপিও জমা দিতে হবে। যুবসাথী প্রকল্পের জন্য প্রয়োজন হবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড ও শংসাপত্রের প্রতিলিপি। শিবিরে নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর, কৃষি এবং ক্ষুদ্র সেচ দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। আবেদনপত্র পূরণের সময় কোনও সমস্যা হলে তাঁরা সাহায্য করবেন। শনিবার থেকে সব বিধানসভা কেন্দ্রে শিবিরের প্রচার শুরু হয়েছে। চলছে প্রস্তুতিও। শিবিরে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টেনে আনতে কোমর বেঁধে নেমে পড়েছে গোটা দলও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*