রমিত সরকার, কৃষ্ণনগর:
প্রতিবেশীদের বারবার সতর্ক করা সত্ত্বেও বাড়ি মেরামত করা হয়নি। এরই মধ্যে গতকাল মধ্যরাতে কৃষ্ণনগরের কদমতলা ঘাট সংলগ্ন গোলাপপট্টিতে ভেঙে পড়ল শত বছরের (100 Years) পুরোনো একটি প্রাচীন বাড়ির সামনের অংশ। আচমকা বাড়ির একাংশ ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির মালিক বাবলু সিংহ রায়। দীর্ঘদিন ধরে বাড়িটির সামনের অংশ জরাজীর্ণ অবস্থায় ছিল বলে দাবি প্রতিবেশীদের। তাঁদের অভিযোগ, বাড়িটির অবস্থা নিয়ে একাধিকবার বাড়ির মালিককে সতর্ক করা হলেও বাড়ি মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে গতকাল গভীর রাতে আচমকাই বাড়িটির সামনের অংশ ভেঙে পড়ে।

ঘটনার সময় বাড়ির ভিতরে ছিলেন বাবলু সিংহ রায়ের শাশুড়ি, বড় মেয়ে, জামাই এবং মেজো মেয়ে। মধ্যরাতে বিকট শব্দে বাড়ির অংশ ভেঙে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বাহিনী। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
শতবর্ষের পুরনো বাড়িটির সামনের অংশ ভেঙে পড়ার ঘটনায় ফের সামনে এসেছে পুরনো ও জরাজীর্ণ বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য বাড়িটির বাকি অংশের নিরাপত্তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Be the first to comment