গণেশ (Ganesh) বিসর্জনে দুই ক্লাবের সংঘর্ষ, আহত কয়েকজন

Spread the love

রমিত সরকার, কৃষ্ণনগর : 

গণেশ (Ganesh) ঠাকুর বিসর্জনের দ্বিতীয় দিনেই দুই ক্লাবের সদস্যদের মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কৃষ্ণনগরে। জানা গিয়েছে, গতকাল দু’দিক থেকে দুটি গণেশ প্রতিমা বিসর্জনের জন্য এগিয়ে আসছিল। সেই সময় কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দুই ক্লাবের সদস্যদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়।

অভিযোগ, হাতাহাতির ঘটনায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরে গণেশ পুজো ও বিসর্জনকে কেন্দ্র করে কৃষ্ণনগরের বিভিন্ন এলাকায় ক্লাবগুলির মধ্যে বিবাদ ও হাতাহাতির ঘটনা সামনে আসছে। তাঁদের কথায়, বিসর্জনের আনন্দের সঙ্গে যেন সংঘর্ষও একটি নিয়মে পরিণত হচ্ছে। প্রশ্ন উঠছে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই ধরনের বিবাদ ও মারামারির আদৌ কী উপকার?

স্থানীয়দের একাংশের মতে, উৎসবের নামে এই ধরনের ঘটনা শহরের ঐতিহ্যকে সমৃদ্ধ করার পরিবর্তে কৃষ্ণনগরের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। আনন্দ ও সম্প্রীতির উৎসব যাতে বিবাদে পরিণত না হয়, সে বিষয়ে ক্লাব সদস্যদের পাশাপাশি প্রশাসনেরও আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*