রোজদিন ডেস্ক : প্রায় চার বছর পর বাংলায় ফের চালু হল ১২৫ দিনের কাজ। মঙ্গলবার হাওড়া গ্রামীণের উলুবেড়িয়া-২ ব্লকের জোয়ারগড়ি এলাকায় মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের কাজের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য শুধুমাত্র জুন মাসে ১.৫৩ কোটি শ্রমদিবস মঞ্জুর করেছে। সেই অনুমোদনের ভিত্তিতেই রাজ্যজুড়ে ফের শুরু হল প্রকল্পের কাজ। প্রশাসনিক সূত্রে খবর, গ্রামীণ স্তরে কর্মসংস্থান বাড়াতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তত ২ থেকে ৩টি নতুন প্রকল্প দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে কাজের অপেক্ষায় থাকা গ্রামীণ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের দাবি, ২০২২ সালের পর থেকে কার্যত বন্ধ হয়ে থাকা এই প্রকল্প পুনরায় চালু হওয়ায় গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে।

Be the first to comment