রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত ওড়িশায় গত ২০ মাসে ৫৪টি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। আজ মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিধানসভায় এই কথা জানান। ভদ্রক, মালকানগিরি, বালাসোর, কোরাপুট ও খুরদা জেলায় এই সব দাঙ্গা হয়েছে। গণপিটুনিতে রাজ্যের চার জেলায় ৭ জন প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ২৯৮ জনকে গ্রেফতার করেছে৷ গণপিটুনির দায়ে ধরা হয়েছে ৬১ জনকে।
২০২৪ সালের জুন মাসে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন দীর্ঘদিনের বিজেডি সরকারকে ক্ষমতাচ্যুত করে বিজেপি সরকারে এসেছে। আজ বিজেডি বিধায়ক গৌতম বুদ্ধ দাসের এক লিখিত প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এই সব জানান। সব থেকে বেশি সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা হয়েছে বালাসোর জেলায় ২৪টি।
মুখ্যমন্ত্রী জানান, সাম্প্রদায়িক সংঘর্ষ ও গণপিটুনি বন্ধ করতে স্থানীয় প্রশাসন বহু ব্যবস্থা নিচ্ছে। যারা শান্তি, সম্প্রীতি নষ্ট করতে চায়,তাদের তথ্য জোগাড় করার চেষ্টা করা হচ্ছে।
রাজ্যে ডাইনি সন্দেহে গণপিটুনির ঘটনা কমাতেও সরকার ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান।

Be the first to comment