অপারেশন সিঁদুরে খতম পাক জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনাকর্তাদের নাম প্রকাশ্যে আনল ভারত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পহলগাঁয়ে জঙ্গি হামলার পর ৭ মে গভীর রাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারত। রবিবার সন্ধ্যায় ভারতীয় সেনার তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে, প্রত্যাঘাতে অন্তত ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জঙ্গির নাম আগেই ভারতের তরফে প্রকাশ্যে আনা হয়েছিল।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছে মুদাসসর খাদিয়ান খাস, হাফিজ মহম্মদ জামিল, মহম্মদ ইউসুফ আজহার, খালিদ (আবু আকাশা) এবং মহম্মদ হাসান খান। লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদ – দুই জঙ্গি গোষ্ঠীর সঙ্গেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
এদের শেষকৃত্যে অংশ নিয়েছিল শীর্ষস্থানীয় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা কর্তা এবং মোস্ট ওয়ান্টেড কিছু জঙ্গিও। এবার তাদের নাম প্রকাশ করল ভারত। যা থেকে পাক সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের যোগ স্পষ্ট হয়েছে।
মুরিদকেতে নিহত জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিল লস্কর-ই-তৈবা কমান্ডার আব্দুল রউফ। সেখানে দেখা গিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ফইয়াজ হুসেন শা, মেজর জেনারেল রাও ইমরান সরতাজ, ব্রিগেডিয়ার মহম্মদ ফুরকান সাব্বিরকে। এছাড়া উপস্থিত ছিল সিনিয়র পুলিশ অফিসার উসমান আনোয়ার এবং স্থানীয় রাজনীতিবিদ মালিক সোয়েব আহমেদ। জঙ্গিদের কফিন পাকিস্তানি পতাকায় মুড়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
নিহত জঙ্গিদের মধ্যে মুদাসসর খাদিয়ান খাস লস্কর-ই-তৈবার একজন শীর্ষ সন্ত্রাসী। সে আবু জুন্দাল নামেও পরিচিত। জঙ্গি সংগঠনের সদর দপ্তর মুরিদকেতে মারকাজ তৈবার দায়িত্বে ছিল। শেষকৃত্যে পাকিস্তান সেনাবাহিনী তাকে গার্ড অফ অনার দেয়। সেদিন উপস্থিত ছিলেন খোদ পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।
অন্যদিকে, হাফিজ মহম্মদ জামিল জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল। সে জইশের প্রধান মাসুদ আজহারের বড় শ্যালক এবং বাহওয়ালপুরের মারকাজ সুবহান আল্লার নেতৃত্বে ছিল। উগ্রপন্থী মতবাদ প্রচার এবং জঙ্গি গোষ্ঠীর জন্য তহবিল সংগ্রহের দায়িত্বে ছিল হাফিজ।
অপারেশন সিঁদুরে নিহত হয়েছে ইউসুফ আজহার, যিনি মাসুদ আজহারের আরেক শ্যালক। সে ওস্তাদ জি, মহাম্মদ সেলিম বা ঘোসি সাহাব নামেও পরিচিত। জম্মু ও কাশ্মীরে বহু জঙ্গি হামলার নেপথ্যে ছিল ইউসুফ। আইসি-৮১৪ ইন্ডিয়ান এয়ারলাইন্স হাইজ্যাকের ঘটনাতেও তার যোগ ছিল।
ভারতের অভিযানে মৃত্যু হয়েছে লস্কর-ই-তৈবার কমান্ডার খালিদ ওরফে আবু আকাশার। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে তার। ফয়সালাবাদে তার শেষকৃত্যে পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার ডেপুটি কমিশনার উপস্থিত ছিলেন। ভারতের প্রত্যাঘাতে জইশ-ই-মহম্মদের আরেক শীর্ষ জঙ্গি মহম্মদ হাসানও খান নিহত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*