রোজদিন ডেস্ক, কলকাতা:– মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সুকমা’র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আকাশ রাওয়ের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও তিন নিরাপত্তাকর্মী। কোন্টা-এরাবোর সড়কের কাছে দোন্দ্রা এলাকায় টহল দিচ্ছিলেন আকাশ রাও সহ চার পুলিশকর্মী। সেই সময় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হন তাঁরা।
আহতদের সকলকে দ্রুত উদ্ধার করে কোন্টা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই সোমবার মৃত্যু হয়েছে আকাশের। উন্নত চিকিৎসার জন্য আকাশকে রায়পুরে স্থানান্তরিত করার কথাও ভাবা হচ্ছিল। কিন্তু তার আগেই সুকমা’র অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু হল। উন্নত চিকিৎসার জন্য বাকিদের রায়পুরে নিয়ে যাওয়া হতে পারে। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজও বিস্ফোরণের ঘটনার কথা জানিয়েছেন।
সম্প্রতি যৌথবাহিনীর অভিযানে খতম হয়েছেন একের পর এক মাওবাদী নেতা। এর প্রতিবাদে ১০ জুন ভারত বন্ধের ডাক দিয়েছে মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)। দেশব্যাপী বন্ধের আগে কোন্টা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে টহল দিচ্ছিলেন তাঁরা। সেই সময় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হন আকাশ রাও।

Be the first to comment