রোজদিন ডেস্ক, কলকাতা:– আগামীকাল রথযাত্রা। দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথমবার রথের দড়িতে টান পড়বে কাল। এই নিয়ে সাজসাজ রব সমগ্র দীঘা জুড়েই। গতকালই সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় বসেছেন প্রশাসনিক বৈঠকে। দায়িত্বও দিয়েছেন রাজ্যের ৫ মন্ত্রীকেও। কিন্তু তারপরও সবটা সরেজমিনে দেখছেন নিজে।

এদিন প্রশাসনিক বৈঠক শেষে নিজের সোশ্যাল মিডিয়ায় বাংলার মানুষের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। সকলের সাথে তারই কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘নীলাচলনিবাসায় নিতাই পরআত্মনে
বলভদ্র সুভদ্রারাং শ্রী জগন্নাথায়তে নমোঃ।।’
পুরুষোত্তম শ্রী শ্রী জগন্নাথ দেব অনাদি, অনন্ত। এই প্রথম দিঘার জগন্নাথধামে রথযাত্রা উৎসবের শুভ সূচনা হতে চলেছে আগামিকাল। এই মহাপুণ্য লগ্নে, আজ পবিত্র রথযাত্রার প্রাক-মুহূর্তে আমি দিঘার জগন্নাথধামে সরেজমিনে উপস্থিত ছিলাম।’
তিনি আরোও লেখেন, ‘দিঘার জগন্নাথ ধামের প্রথম রথযাত্রায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে সেইদিকে নজর রেখে, যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখলাম এবং প্রশাসনিক বৈঠক করলাম উচ্চ-পদস্থ আধিকারিকদের সঙ্গে। প্রভু জগন্নাথদেবের মাসীর বাড়ি পরিদর্শন করলাম। প্রভু শ্রী শ্রী জগন্নাথদেবের অসংখ্য ভক্তের আগমন শুরু হয়েছে দিঘার পুণ্যভূমিতে। বাংলার প্রতিটি কোণে অনুরণিত হোক ঐক্য, সাম্য এবং শান্তির বার্তা।
জয় জগন্নাথ’

Be the first to comment