রোজদিন ডেস্ক,কলকাতা :– ফের রাজনৈতিক হিংসা! বীরভূমে খুন হলেন তৃণমূল নেতা বায়তুল্লা সেখ। শনিবার রাতে বীরভূমে তৃণমূলের এই নেতাকে লক্ষ্য করে বোমা মারা হয়। তখন একটি দোকানে বসে চা খাচ্ছিলেন বায়তুল্লা সেখ। বয়স ৩৮ বছর। প্রথমে বোমার আঘাতে গুরুতর আহত হন বায়তুল্লা, তারপর মৃত্যু হয় তাঁর।
ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার অন্তর্গত বিসিয়া গ্রামে। বায়তুল্লা তৃণমূলের ব্লক কমিটির সদস্য তথা ময়ূরেশ্বর ১ নং পঞ্চায়েত সমিতির মৎস এবং প্রাণী সম্পদ দপ্তরের প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন। তাঁর স্ত্রী সাকিলা বিবি বর্তমানে ওই দপ্তরেরই কর্মাধ্যক্ষ। বায়তুল্লা প্রাক্তন কর্মাধ্যক্ষ হলেও স্ত্রীর কাজ সব নিজেই করতেন বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। বড়তুড়িগ্রাম পঞ্চায়েতে তিনিই ছিলেন শেষ কথা।
বায়তুল্লার ছেলে নবাব শেখ বলেন, ‘আমি পড়ছিলাম। হঠাৎ তিনটি বোমার আওয়াজ শুনতে পাই। বাড়ির সকলে বেরিয়ে দেখি বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।’ রাজনৈতিক হিংসার জন্যই এ ঘটনা, দাবি পরিবারের সদস্যদের। ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখতে পুলিশ।
ময়ূরেশ্বর তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় বলেন, ‘রাজনৈতিক আক্রোশে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা বায়তুল্লাকে বোমা মেরে খুন করেছে।’ যদিও সিপিএমের স্থানীয় দায়িত্বপ্রাপ্ত জেলা কমিটির সদস্য অরূপ বাগ জানান, এই ঘটনায় তাঁদের কেউ জড়িত নন।

Be the first to comment