রোজদিন ডেস্ক, কলকাতা:- পাহেলগাঁও হামলার পরে ৩০ এপ্রিল থেকে ভারত পাকিস্তানের ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। ২৪শে জুলাই পর্যন্ত সেই নির্দেশিকা জারি ছিল। এ বার তা বাড়িয়ে ২৩শে আগস্ট পর্যন্ত করা হলো। মঙ্গলবার এই ঘোষণা করেছে নয়াদিল্লি।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলিধর মোহল নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারতের আকাশে পাকিস্তানি ফ্লাইটের উপরে যে নিষেধাজ্ঞা জারি ছিল, তা আরও এক মাস বাড়ানো হলো। দেশের নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, ১৯ জুলাই ভারতীয় ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছিল পাকিস্তান। এ বার একই পথে হাঁটল নয়াদিল্লিও। উল্লেখ্য ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত রাজস্থানের বাড়মেরে সামরিক মহড়া চালাবে ভারতীয় বায়ুসেনা। বাড়মের পাকিস্তান সীমান্ত ঘেঁষা এলাকা। তাই NOTAM জারির পিছনে এটাও অন্যতম কারণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

Be the first to comment