রোজদিন ডেস্ক, কলকাতা:- চলতি সপ্তাহের ২২ থেকে ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়া বইতে পারে। ২৩ জুলাই থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতায় থাকছে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা।
আচমকা বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণ চিন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার। তারই কিছু অংশ উত্তর বঙ্গোপসাগরে তৈরি করেছে এই নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টার মধ্যে সাগরে প্রবল ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। তার ফলে আগত দুদিনের মধ্যে তৈরি হবে নিম্নচাপ অঞ্চল। এর ফলে শুক্রবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রবল ঝড় বৃষ্টি। আজ বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জারি হয়েছে হলুদ সতর্কতা, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২৪ জুলাই থেকে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় সমুদ্রে ৩৫-৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা রাজ্যের মধ্যে উষ্ণতম। দার্জিলিং ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে শীতলতম স্থান।

Be the first to comment