রোজদিন ডেস্ক, কলকাতা:- ব্রিটেন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-তে অনুমোদন দিয়েছে ৷ এরপর বুধবার সকালে দু’দিনের লন্ডন সফরে রওনা দেন প্রধানমন্ত্রী ৷
এই সফরে দু’দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বহু প্রতীক্ষিত এফটিএ স্বাক্ষরিত হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ সফরে মোদির সঙ্গে আছেন কেন্দ্রীয় বাণিজ্য-শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও।
সূত্রের খবর, ২৪শে জুলাই লন্ডনে ঐতিহাসিক এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে ৷ প্রধানমন্ত্রী প্রথমে দু’দিনের সফরে ব্রিটেন যাবেন ৷ তারপর তিনি মলদ্বীপে যাবেন ৷ দ্বীপরাষ্ট্রটির স্বাধীনতা দিবস উদযাপনে ‘সম্মানিত অতিথি’ হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী।
বিদেশ সচিব বিক্রম মিস্রী মঙ্গলবার জানিয়েছেন, এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন মোদী ৷ পাশাপাশি, ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী ।
চলতি বছরের মে মাসে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বিষয়টির একপ্রকার নিশ্চিত করে ভারত-ব্রিটেন, দুই দেশ ৷ এর ফলে ভারতীয় পণ্য রফতানির ক্ষেত্রে শুল্ক-বিষয়ে ৯৯% উপকৃত হবে দিল্লি ৷ অন্যদিকে, বিট্রিশ সংস্থাগুলিও সহজে হুইস্কি, গাড়ি এবং অন্যান্য পণ্য আমদানি করতে পারবে ৷ সামগ্রিক বাণিজ্য আরও বাড়বে ৷ সরকারি সূত্র অনুযায়ী, তিন বছর ধরে আলোচনার পর এই চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে ৷ এই বাণিজ্য চুক্তি ভারতীয় পণ্যের বৃহৎ বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে ৷ শুল্ক ছাড়ের বিষয়ে ভারত ভারত লাভবান হবে ।

Be the first to comment