রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী ২৮ জুলাই বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইলামবাজারে গুরুত্বপূর্ণ ব্রিজ-সহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি ‘বাঙালি পরিচয়ের উপর আক্রমণ’ ইস্যুতে একটি প্রতিবাদ মিছিলেও হাঁটবেন তিনি। মুখ্যমন্ত্রী এই সফরে প্রশাসনিক বৈঠকেও অংশ নিতে পারেন বলে সূত্রের খবর।
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সংবাদমাধ্যমকে জানান, “ইলামবাজার থেকে পশ্চিম বর্ধমান যাওয়ার সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে প্রশাসনিক বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি।”
এরপর ২৮ বা ২৯ তারিখ বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করার প্রতিবাদে এবং বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির অবমাননার বিরুদ্ধে বীরভূমে পদযাত্রা হওয়ার কথা। এবিষয়ে কাজল শেখ জানিয়েছেন, ওই মিছিলের নেতৃত্বে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment