রোজদিন ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা সল্টলেকে! কেষ্টপুর ও সল্টলেকের মাঝের ৮ নম্বর ফুটব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেলিংয়ে ধাক্কা মারে চার চাকা গাড়ি। কোনওভাবে তার মাঝে আটকে পড়েন বাইক-সহ এক যুবক। রেলিংয়ে ধাক্কা মারার পরেই গাড়িটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। গাড়িটির আরোহীদের বার করা গেলেও ঘটনাস্থলেই আগুনে পুড়ে মৃত্যু হয় ওই বাইক আরোহীর।
ঘটিনাটি ঘরে বুধবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রের খবর, ৮ নম্বর ফুটব্রিজের কাছে প্রথমে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময়ে ওই রাস্তা দিয়েই বাইক চালিয়ে যাচ্ছিলেন সেই ডেলিভারি বয়। ওই গাড়ির ধাক্কায় তিনিও রেলিংয়ের মাঝে আটকে পড়েন। গাড়ির যাত্রীদের উদ্ধার করা গেলেও বাইক আরোহীকে আর উদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। গাড়ির আগুনে ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ডেলিভারি বয়ের। মৃতের নাম সৌমেন মন্ডল।
ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যাফ মোতায়েন করতে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল অনেকক্ষণ পড়ে এসেছে। পুলিশ যুবকটিকে উদ্ধার করতে পারেনি। চোখের সামনেই ছেলেটি মারা গেল। এতক্ষণ পরে দমকল এসে লাভ কী? প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Be the first to comment