রোজদিন ডেস্ক : এসআইআর এবং গত ভোটে ভোট চুরি, দুই ইস্যুতে কেন্দ্রকে একপ্রকার কোনঠাসা করছে বিরোধীরা। ‘ভোট চুরি’ অভিযোগে বিজেপির নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়! তার জবাবে পেন ড্রাইভে তথ্য ভরে অনুরাগের বাড়িতে পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ।
বুধবার বিজেপির অনুরাগ ঠাকুর দাবি করেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, অর্থাৎ যে কেন্দ্রের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, সেখানে বেশকিছু জায়গায় গত চার বছরে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত ভোটার বেড়েছে। সেই জায়গাগুলিতে জিতেছে তৃণমূল। অনুরাগের প্রশ্ন ছিল, তাহলে কি ভুয়ো ভোটারের সাহায্যেই ভোট বৈতরণী পার করেছেন অভিষেক?
এই প্রশ্নের জবাবে প্রথমে নিজের ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”বিজেপি লিখিতভাবে দিক ওদের সব সাংসদরা পদত্যাগ করবে।আমি এক মিনিটে পদত্যাগ করে দেব।আমরা বলতে পারছি, কারণ আমাদের ভয় নেই। যতবার নির্বাচন করাক।”
এরপর সাংবাদিক সম্মেলন করেন কুনাল ঘোষ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী কী ভাষণ দেন ঘুরে ঘুরে। ওঁর থেকে ঢের বেশি ভাল ভাষণ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রনায়কের ভাষণ কেমন হওয়া উচিত। দেশের প্রয়োজনের সময় সেরা ব্যাটসম্যান কেমন করে ব্যাট করেন, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। বিরোধী দলের প্রতিনিধি হয়ে তিনি যেভাবে ভাষণ দিয়েছেন সেটা নরেন্দ্র মোদীও পারেন না। সেই ঈর্ষা থেকেই বিজেপির এমপিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। যেটা একেবারে ভিত্তিহীন। আসলে সাড়ে ৭ লক্ষ ভোটে জিতেছেন তো, সেই ধাক্কা সামলাতে পারছেন না।”
তারপরই জানা যায় অনুরাগ ঠাকুরের বাড়িতে পেন ড্রাইভ দিতে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি।

Be the first to comment