রোজদিন ডেস্ক : SSC ভবন অভিযানের আগেই গ্রেফতার সুমন বিশ্বাস। আন্দোলনরত চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের সংগঠনের কনভেনার সুমন বিশ্বাসকে আটক করল পুলিশ।
পরিবার সূত্রে খবর, কলকাতা যাওয়ার পথে আদিসপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে তাঁকে। সুমনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ।
সূত্রের খবর, একইসঙ্গে সোমবার ভোরে ‘যোগ্য’ শিক্ষক সুমন বিশ্বাসের চুঁচুড়ার কোদালিয়ার বাড়িতে হানা দেয় পুলিশ। সুমন সেই সময় বাড়িতে ছিলেন না। পরে তাঁকে গ্রেপ্তার করার খবর আসে। সুমনের ভাই সঞ্জয়ের অভিযোগ, ‘দাদাকে পুলিশ গ্রেপ্তার করার পর কোনও কথা বলতে দেয়নি। কোন থানায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে তাও জানানো হয়নি। আমরা তাঁকে খুঁজে বেড়াচ্ছি।’
গতকাল বিধাননগর পুলিশ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন , ‘আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা। পুলিশকে বোমা মারা ও পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।সকেট বোমাও ব্যবহার করা হতে পারে’, অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের। এদিন বিধাননগর পুলিশের তরফে সাংবাদিক বৈঠকে দাবি তোলা হয়, সোশ্যাল মিডিয়া সুমন বিশ্বাস নামে, ওনাদের যিনি একজন সদস্য আছেন, তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট পেয়েছি। এবং ওনার তরফ থেকে আমরা একটা ইমেলও পেয়েছি। যেখানে বলা হয়েছে এবং উনি একটা ডাক দিয়েছেন, যে আগামীকাল, ১৮ আগস্ট, একটা প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এটা বলে দেওয়া দরকার, আর আপনারা এটা জানেনও, যে মাননীয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে, একটা অর্ডার পাস করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল, যে, যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যদি কোনও প্রতিবাদ করা হয়, সেটা একটা নির্দিষ্ট স্থানে হবে। স্থানটা বলে দেওয়া হয়েছিল, হাইকোর্টের তরফ থেকে। এখন সেই জায়গাটাতে আপাতত কোনও কিছুই নেই। কিন্তু কোনওরকম যদি প্রতিবাদ করা হয়, সেইখানেই যেন করা হয়। যেহেতু যেটার বিষয় আমরা কাল পেয়েছি, যে খবরটা আমরা শুনেছি, সুমন বিশ্বাসের পোস্টে এবং সুমন বিশ্বাসের ইমেল আইডির মাধ্যমে, সেটা যেহেতু কলকাতা হাইকোর্টের যে অর্ডার, তার থেকে বাইরে করা হচ্ছে, সেই জন্য আমাদের তরফ থেকে সুমন বিশ্বাসের দেওয়া মেলকে, এবং ওদের প্রতিবাদ করার যে বক্তব্য করতে চেয়েছেন, সেটাতে আমরা পুলিশের তরফ থেকে কোনওরকম অনুমতি দিইনি।’

Be the first to comment