একের পর এক বাংলায় স্লোগান তুলে বিকশিত বাংলা গড়ার ডাক দিয়ে পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদীর

Spread the love

রোজদিন ডেস্ক : মেট্রোর তিনটি রুট-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে এসে পশ্চিমবঙ্গে ‘আসল’ পরিবর্তনের ডাক দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে রেল, মেট্রো, পরিকাঠামো, বিনিয়োগ, কর্মসংস্থান-সহ বিভিন্ন ক্ষেত্রে বিপুল উন্নয়নের স্বপ্ন দেখিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি ৷

ডাবল ইঞ্জিন সরকারকে আনার অনুরোধ জানিয়ে এদিন বাংলার জন্য বাংলা ভাষায় বেশ কয়েকটি স্লোগানেরও জন্ম দেন প্রধানমন্ত্রী ৷

এদিন তিনি স্লোগানে বলেন, “বাংলার উদয়, তবেই বিকশিত ভারতের জয় ৷ তৃণমূল যাবে, বিজেপি আসবে ৷ তৃণমূলকে সরাও, বাংলাকে বাঁচাও ৷ বাঁচতে চাই, বিজেপি তাই৷ টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে – দমদমের সভায় এভাবেই একের পর এক বাংলায় স্লোগান তুলে বিকশিত বাংলা গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

এদিন তিনি বলেন, বঙ্গবাসী প্রথমে কংগ্রেসকে ক্ষমতায় এনেছে ৷ এরপর দীর্ঘ সময় ধরে চলেছে বামেদের সরকার ৷ তার থেকে পরিবর্তন চেয়ে গত 15 বছর আগে মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে আসা তৃণমূলের সরকারকে ভরসা করে ক্ষমতায় আনেন বাংলার মানুষ ৷ তবে এতে পরিস্থিতি আগের থেকেও খারাপ হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রী এদিন  বলেন, “অপরাধ ও দুর্নীতি তৃণমূল সরকারের পরিচায়ক ৷ যতদিন তৃণমূলের সরকার থাকবে, ততদিন বাংলরা বিকাশ অবরুদ্ধ থাকবে ৷ এজন্য, তৃণমূল যাবে, তবেই আসল পরিবর্তন আসবে ৷”

বিকশিত বাংলা তৈরি করার ‘গ্যারান্টি’ দিয়ে এদিন মোদী বলেন, “একবিংশ শতাব্দীতে প্রথম 25 বছর তো কেটে গিয়েছে৷ আগামী বছরগুলো বাংলার জন্য খুব প্রয়োজনীয় ৷ যে পরিবর্তন শুধু স্লোগানেই নয়, কাজেও বুঝতে হবে ৷ যে পরিবর্তন মেয়েদের সুরক্ষা দেবে ৷ কৃষকদের সুবিধে দেবে ৷ ফসলের সঠিক দাম দেবে ৷ যেখানে অপরাধী ও দুর্নীতিবাজ সরকারে নয়, জেলে থাকবে ৷ যেখানে সুশাসন থাকবে ৷ গরিবও সম্মানের জীবন যাপন করবে ৷ আর এই পরিবর্তন শুধু বিজেপিই আনতে পারবে ৷ তাই বাংলার প্রতি ঘর থেকে একটাই আওয়াজ আসবে, বাঁচতে চাই, বিজেপি তাই ৷ এটাই বাংলার ভবিষ্যৎ ৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*