রোজদিন ডেস্ক : তিনি কবে স্বদেশে ফিরতে পারবেন জানেন না। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ শেখ হাসিনা এবার নিজের পুত্র-কন্যাকে রাজনীতিতে আনতে আগ্রহী, এমনটাই গুঞ্জন উঠেছে। গত এক বছরের বেশি রাজধানী দিল্লিতে গোপন ডেরায় আছেন তিনি। পুত্র সজীব ওয়াজেদ জয় বহুদিন ধরেই সরাসরি না হলেও মা-এর রাজনৈতিক কাজের সহায়ক। এবার কন্যা সায়মা ওয়াজেদ-কেও সক্রিয় রাজনীতিতে আনতে তিনি আগ্রহী বলে শোনা যাচ্ছে। ওয়াকিবহাল মহলের ধারণা, কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কা উত্তঙ্গু জনপ্রিয়তার কথা মাথায় রেখে হাসিনা এই ছক কষছেন। যদিও সরকারিভাবে আওয়ামী লিগের পক্ষে এই নিয়ে কেউ মুখ খোলেননি।
পুত্র জয় আমেরিকা প্রবাসী হলেও কন্যা সায়মা-র সঙ্গে হাসিনার যোগাযোগ বেশি। একদা বিশ্ব ব্যাংকের উচ্চপদে থাকলেও এখন দীর্ঘ ছুটিতে আছেন সায়মা। আদৌ তিনি ওই কাজে যোগ দিতে পারবেন কিনা তা ও অনিশ্চিত। এই প্রেক্ষিতে পুত্র-কন্যা উভয়কেই আওয়ামী লিগের উত্তরসূরী করার ভাবনা চিন্তা চলছে বলে প্রকাশ। বোন রেহানার পুত্র রাদওয়ান সিদ্দিক মুজিব ববিও দলের গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন।
চলতি মাসে ৭৮ বছর পূর্ণ হচ্ছে শেখ হাসিনার। দীর্ঘদিন ভারতে থেকে এখানকার রাজনীতি নিয়েও তিনি যথেষ্ট ওয়াকিবহাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্ক থাকার দরুণ এখানে আশ্রয় পেতে কোন অসুবিধা হয়নি তাঁর। দেশ তাকে টানলেও কবে ফিরতে পারবেন জানেন না। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হাতে গড়া আওয়ামী লিগ-কে কোনভাবেই নষ্ট হতে দিতেও চান না। এই সব কথা মাথায় রেখে রাহুল প্রিয়াঙ্কা-র মত নিজের পুত্র-কন্যাকেও সক্রিয় রাজনীতিতে তিনি আনতে আগ্রহী বলে রাজধানীতে গুঞ্জন শোনা যাচ্ছে।

Be the first to comment