রোজদিন ডেস্ক : ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের লাগাতার হেনস্থা, আক্রমণ নিয়ে এবার রাষ্ট্রপতি (President of India) দ্রৌপদী মুর্মুর কাছে দরবার করবেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Choudhury)। বুধবার দিল্লিতে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বলে জানা যায়।
গত কয়েক বছরে রুজির টানে এই রাজ্যের বহু সংখ্যক মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছেন। সম্প্রতি ভিন রাজ্য বিশেষত দিল্লি, ওড়িশা, মহারাষ্ট্র, হরিয়ানা-সহ বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী হলেই তাঁদের ওপর আক্রমণ করা হচ্ছে। এমনকি বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে ওই দেশে জোর করে পাঠিয়ে দেওয়ার ঘটনাও হয়েছে। যা নিয়ে আতঙ্কিত রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। রাজ্য সরকার এই সব নিয়ে সরব হলেও পরিযায়ী শ্রমিকদের সমস্যা এবার খোদ রাষ্ট্রপতিকে জানাতে চান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বুধবার তিনি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে নথিপত্র-সহ এই সব কথা জানাবেন।

Be the first to comment