রোজদিন ডেস্ক : সোমবার উত্তরবঙ্গ রওয়ানা হওয়ার আগে বিমানবন্দরে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ল পরিবার পিছু একজনকে হোমগার্ডের চাকরির কথাও বলেন তিনি। তিনি বলেন, আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। শনিবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির উপরে নজর রাখছি। ভুটান অসম থেকে জল ঢুকছে। ভুটানের জলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নাগরাকাটা, মিরিক। যাঁরা আটকে আছেন তাঁদের ফিরিয়ে আনতে ৪৫টি ভলভো বাসের ব্যবস্থা করা হয়েছে। এদিন প্রথমে হাসিমারা হয়ে তারপর নাগরাকাটা পর্যন্ত যাবেন তিনি। মঙ্গলবার তিনি মিরিক যাবেন। এই দূর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক ও নাগরাকাটা। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেখানেই। শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত একটানা বৃষ্টি এবং প্রতিবেশী রাষ্ট্রের জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং মিরিকের সঙ্গে শিলিগুড়ি সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। সরকারি ভাবে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আজ ৫০০ পর্যটকে ফিরিয়ে আনা হচ্ছে তার জন্য উত্তরবঙ্গ পরিবহন নিগমের বাস এবং ৪৫ টি ভলভো বাসের ব্যবস্থা করা হয়েছে। ডায়মন্ড হারবারের একজন নিখোঁজ রয়েছেন। বাকিদের উদ্ধার করা গিয়েছে। ২৫০ জনকে শিলিগুড়িতে রাখা হয়েছে। এই খরচ পুরোটাই বহন করবে সরকার।

Be the first to comment