দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : সোমবার উত্তরবঙ্গ পৌঁছেই নাগরাকাটার ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া সকলের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, বিপর্যয় এখনও কাটেনি। নদীর জল ফের বাড়তে পারে। তাই নিচু এলাকায় থাকা মানুষদের তিনি সতর্ক করেন। বলেন, অবিলম্বে যেন তাঁরা সরকারের তৈরি ত্রাণশিবিরে আশ্রয় নেন।

এই সময় ত্রাণশিবিরে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে একটি মেয়ে এগিয়ে আসে। বলে, বন্যায় তার মা নিখোঁজ। একদিন পেরিয়ে গেলেও তার মাকে খুঁজে পায়নি। শোনামাত্রই প্রশাসনিক কর্তাদের নিখোঁজ মহিলাকে খুঁজে বার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এছাড়া বন্যায় বাড়িঘর ভেসে যাওয়ার চা-বাগানবাসীদের আর্তনাদ শুনে মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন শীঘ্রই তাঁদের বাড়ি-ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা-কবলিত মানুষদের খাদ্যসামগ্রী থেকে পোশাক ও রান্নার সামগ্রী দিয়েছে সরকার। জেলা জুড়ে ত্রাণশিবির চালু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন।

মুখ্যমন্ত্রী নিজে দুর্গত অঞ্চলে উপস্থিত হয়ে যেমন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন, তেমনি তাঁদের পাশে থেকে ভবিষ্যতের সুরক্ষার প্রতিশ্রুতিও দিলেন।পাহাড়ে ক্ষতিগ্রস্ত পর্যটকদের জন্য অতিরিক্ত ৪৫টি ভলভো বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তাঁদের সুরক্ষার সাথে উদ্ধার করে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর এই তৎপরতায় খানিকটা হলেও স্বস্তি ফিরেছে অসহায় মানুষগুলোর মুখে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*