রোজদিন ডেস্ক : দুর্গাপুজো মিটতে উত্তর ২৪, পরগণার বারাসাতে শুরু হয়েছে কালি আরাধনার প্রস্তুতি। এই উপলক্ষে একদিকে পুলিশের পক্ষে যেমন বিভিন্ন বিষয়ে সতর্কতামুলক ব্যবস্থা নেওয়ার কথা প্রচার করা হচ্ছে, তেমনই উৎসব মরসুমের সুযোগ নিতে নিত্য নতুন ফাঁদ পাতছে ঝানু প্রতারকরাও।
পুলিশ সেজে এমনই অভিনব প্রতারণার শিকার হলেন বারাসতের ৩০ নম্বর ওয়ার্ডের ছায়া পাল। প্রতারকরা তাঁর কয়েক লক্ষ টাকার গয়না হাতিয়ে উধাও হয়েছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, পাড়ার দোকানে যাওয়ার সময় পুলিশের পোশাক পরা দুই যুবক তাঁকে এত সোনার গয়না পরে যেতে বারণ করেন। তা খুলে ব্যাগে রাখার পরামর্শ দেয়। তখন সেখান থেকে আর এক যূবক যাচ্ছিলেন, তাঁকেও ওই দুই যুবক গয়না খোলার পরামর্শ দেয়। বয়স্ক মহিলা ছায়া পাল ও অপর যুবককে তারা দুটি খামও দেয় গয়না রাখতে।
পরের যুবক মহিলাকে তাঁর গয়না খামে রাখতে সহায়তা ও করে। পরে মহিলা দেখেন, তাঁর খুলে রাখা ৩৬ গ্রামের সোনার গয়নার জায়গায় খামে নকল চুড়ি ও ঢিল রাখা। ততক্ষণে বাকি তিন যুবকই চলে গেছে।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। পুলিশের অনুমান, পুলিশ সেজে এই প্রতারণায় যুক্ত ছিল পথচারী অপর যুবকও। মহিলাকে খামে গয়না রাখার সাহায্য করতে সেই তা সরিয়েছে।
ঘটনায় বিড়ম্বিত পুলিশ এখন শুধু তাঁদের পোশাক পরা কেউ কিছু বললেও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলছে।

Be the first to comment