রোজদিন ডেস্ক : অভয়ার ভয়ংকর পরিণতির পর ফের সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে শারীরিক ও মানসিক নিগ্রহের প্রতিবাদে আজ উত্তাল হাওড়ার উলুবেড়িয়া। তাৎপর্যপূর্ণভাবে আজ ওখানে যান তৃণমূল কংগ্রেসের বিধায়ক, নেতারাও। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন।
মহিলা চিকিৎসক নিগ্রহের তীব্র প্রতিবাদ করে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। তাঁদের প্রতিনিধিরা আজ ওখানে গিয়ে নিগৃহীতা তরুণী চিকিৎসকের সঙ্গে কথাও বলেন। অন্য সংগঠনের চিকিৎসক প্রতিনিধিরাও ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে কর্তৃপক্ষর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। বিজেপি ওখানে তুমুল বিক্ষোভ দেখায়। সব মিলিয়ে আজ হাওড়ার শরৎ চন্দ্র মেডিকেল কলেজের ঘটনায় উত্তাল হয় উলুবেড়িয়া।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর প্রতিনিধিরা নিগৃহীতা চিকিৎসকের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে। দুই বিশিষ্ট চিকিৎসক পুণ্যব্রত গুণ ও হীরালাল কোনার হাসপাতালের অধ্যক্ষকে চিঠি দিয়ে জানতে চান, কালিপুজোর সন্ধ্যায় একজন তরুণী মহিলা চিকিৎসককে কিভাবে হাসপাতালের মধ্যে শারীরিক ও মানসিকভাবে বহিরাগতরা নিগ্রহ করে? অতি সম্প্রতি তিনি এমডি ডিগ্রি অর্জন করেছেন। এমন মেধাবী, নিজের পেশার কাজে নিবেদিত তরুণী চিকিৎসকের কি এই ব্যবহার প্রাপ্য? সরকারি হাসপাতালের নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতির শিকার হয়েছিলেন অভয়া। এরপর ও সরকারের কোন হেলদোল নেই বলে তাঁরা এক রাশ ক্ষোভ উগরে দেন। দুই চিকিৎসক পুণ্যব্রত গুণ ও হীরালাল কোনারের আরও অভিযোগ, যে হাসপাতাল চিকিৎসকদের অভিভাবকসম তরুণী চিকিৎসকের এত নিগ্রহর পরও কর্তৃপক্ষ পুলিশে কোন এফআইআর পর্যন্ত করেননি। নিজের কাজ শেষ করে নিগৃহীত তরুণী বিধ্বস্ত অবস্থায় নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন।
তাঁরা অবিলম্বে এই ঘটনা য় দোষী দের জামিন অযোগ্য ধারায় গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তিরও দাবি জানান।
হাসপাতালে সিসিটিভি, ২৪×৭ পেশাদার নিরাপত্তারক্ষী মোতায়েন ইত্যাদি ব্যবস্থার দাবি জানান তাঁরা।
অধ্যক্ষকে লেখা চিঠির প্রতিলিপি রাজ্যপাল, স্বাস্থ্য সচিব, হাওড়ার জেলাশাসক, এসপি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রমুখকেও দেওয়া হয়েছে।
টিএমসি বিধায়ক নির্মল মাজি-সহ শাসক দলের প্রতিনিধিরাও আজ হাসপাতালে গিয়ে সব কিছু খতিয়ে দেখেন। অভয়ার ভয়ংকর পরিণতির পর তাঁরা যে কিছুটা হলেও সতর্ক তার আভাস মেলে। চিকিৎসক সজল ঘোষ-সহ চিকিৎসক আন্দোলনে যুক্তরাও এই ঘটনার তীব্র নিন্দা করে হাসপাতাল কর্তৃপক্ষকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
বিজেপির প্রতিনিধিরা হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন।
আজ এই নিগ্রহে অভিযুক্ত আরও একজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে নিয়ে তিনজনকে পুলিশ ধরলো।

Be the first to comment