যোগীরাজ্যে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে খুন, নেপথ্যে কারা৷ তদন্তে পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি-শাসিত উত্তরপ্রদেশে দিনেদুপুরে কুপিয়ে খুন করা হল এক সাংবাদিককে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াগরাজে প্রকাশ্যে বছর ৫৪-এর সাংবাদিক লক্ষ্মীনারায়ণ সিং ওরফে পাপ্পুকে একাধিকবার ছুরির কোপ মারে আততায়ীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্বরূপরানি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। হাসপাতাল পৌঁছনোর সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ওই জখম সাংবাদিকের। কিন্তু তদন্তে নেমে এখনও পর্যন্ত কী কারণে সাংবাদিককে খুন করা হল, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন রাজ্যে সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা।

জানা গিয়েছে, প্রয়াগরাজের সাংবাদিক পাপ্পু গতকাল সন্ধ্যায় সিভিল লাইনস এলাকার একটি হোটেলের সামনে দাঁড়িয়েছিলেন। সেইসময় আচমকাই তাঁর উপর চড়াও হয় একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এলোপাথাড়ি ছুরির কোপে ক্ষতবিক্ষত হয়ে রাস্তাতেই লুটিয়ে পড়েন রক্তাক্ত সাংবাদিক। কিন্তু আচমকা কেন এমন মর্মান্তিক পরিণতি হল সাংবাদিকের? খুনের নেপথ্যে কোন রহস্য আছে? এখনও পর্যন্ত কিছুই জানতে পারেনি প্রয়াগরাজ পুলিশ। অ্যাডিশনাল ডেপু্টি কমিশনার পুষ্কর ভার্মা জানিয়েছেন, প্রয়াত সাংবাদিক হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সিংয়ের ভাইপো। কিন্তু পাপ্পুকে কেন খুন করা হল, তার কোনও উত্তর নেই পুলিশের কাছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই মূল অভিযুক্ত বিশাল নামে এক যুবক পালাতে গিয়ে পায়ে গুলি খেয়ে পুলিশের জালে ধরা পড়ে। সঙ্গে আরও দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*