রোজদিন ডেস্ক : বিহার আর লন্ঠন চায় না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মন্তব্য করেন। ভোটমুখি বিহারের সমস্তিপুরে ভিড়ে ঠাসা জনসভায় বিরোধী আরজেডি – কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান। এনডিএ বিহারে ফের ক্ষমতায় এলে নীতিশ কুমারই যে মুখ্যমন্ত্রী হবেন, আজ তাও পরিস্কার করে দেন তিনি।
বিহার বিধানসভা নির্বাচনের আর মাত্র দু-সপ্তাহও বাকি নেই। ইতিমধ্যেই পরস্পর বিরোধী মন্তব্যে তেতে উঠেছে রাজ্যের রাজনৈতিক বাতাবরণ।
আজ সমস্তিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধীদের। আরজেডি-র নির্বাচনী প্রতীক লণ্ঠনের উল্লেখ করে বলেন, বিহার আর লন্ঠন চায় না। জঙ্গলরাজ চায় না। কিছুটা নাটকীয়ভাবে উপস্থিত জনতা কে নিজেদের মোবাইল ফোনের আলো জ্বালতে বলেন প্রধানমন্ত্রী। সবাই তা জ্বাললে ঝানু রাজনীতিবিদ নরেন্দ্র মোদি মন্তব্য করেন, সবার কাছেই যখন এই আধুনিক যন্ত্র আছে, তখন আর লন্ঠনের দরকার নেই!! তাঁর এই মন্তব্য শুনে হর্ষধ্বনি করেন জনতা।
বিরোধীদের তোপ দেগে প্রধানমন্ত্রী আরও বলেন, জামিন পাওয়া নেতারা সব জননেতা হয়ে যাচ্ছেন!!
পাশে বসা মুখ্যমন্ত্রী নীতিশকুমারকে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি বলেন, ২০০৫ সালে ক্ষমতায় এসেছেন উনি। কিন্তু এর মধ্যে দশ বছর ওঁকে কেন্দ্রের ইউপিএ সরকার খুবই বিরক্ত করেছে। সমর্থন তুলে নেবে বলে আরজেডি সমানে ওঁকে ব্ল্যাকমেল করেছে বলেও অভিযোগ করেন তিনি। এবার নীতিশকুমারের নেতৃত্বে এনডিএ রেকর্ড ভোটে জয়ী হবে বলে ঘোষণা করেন।
অন্যদিকে সহর্ষে এক সভায় আরজেডি নেতা তেজস্বী যাদব আজ বলেন, এনডিএ-র মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও স্পষ্ট নয়। মোদি-শাহ চান না নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হোন।
এনডিএ বিহারে কুড়ি বছর ও কেন্দ্রে এগারো বছর ক্ষমতায় থেকেও মাথা পিছু আয়ে এই রাজ্য সবার পিছনে বলে মন্তব্য করেন।
তাঁর দাবি, এনডিএ কুড়ি বছরে যা করেনি, তিনি কুড়ি মাসে তা করে দেখিয়ে দেবেন।
গতকালই ইন্ডিয়া জোট তেজস্বী যাদব কে বিহারের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে ঘোষণা করেছে।

Be the first to comment