রোজদিন ডেস্ক : প্রথমে স্বেচ্ছাসেবী সংস্থার অফিস খুলে চাকরি দেওয়ার টোপ। তারপর দফতরে প্রধানমন্ত্রীর দফতরের চিঠির ফটোকপি, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতাদের সঙ্গে ছবি দেখিয়ে মানুষের আস্থা অর্জন। এভাবে সাধারণ মানুষকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করায় অভিযুক্ত এক বিজেপি ঘনিষ্ঠ নেতা। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে। তবে ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি-ঘনিষ্ঠ নেতা পলাতক। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্তের নাম পরিমল মণ্ডল। হুগলির উত্তরপাড়ার হিন্দমোটরের। প্রতারিতরা শুক্রবার সকালে সংস্থার দফতরে হাজির হয়ে ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ দায়ের হয় পুলিশে। জানা গিয়েছে প্রতারিতদের মধ্যে কিছু ভিনরাজ্যের লোকও রয়েছেন। তাঁদের অভিযোগ, চাকরির টোপ দিয়ে এই চক্র কয়েকশো কোটি টাকা তুলে নিয়েছে। এর নেপথ্যে বড় কোনও মাথা আছে, এমনই ধারণা তদন্তকারীদের। শুক্রবার সকালে হিন্দমোটরের ওই স্বেচ্ছাসেবী সংস্থার অফিসের সামনে জড়ো হন বহু মানুষ। তাঁরা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। অশান্তি বাড়তে থাকায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা যায়, অফিসে ই-শ্রম পোর্টালের মাধ্যমে ওই কাজ করা হত। নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে অফিসে পরিমলের সঙ্গে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর ছবি টাঙানো ছিল। ছিল প্রধানমন্ত্রীর দফতর-সহ নানা কেন্দ্রীয় মন্ত্রকের সই করা চিঠিও। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁরা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পলাতকের খোঁজ চলছে।

Be the first to comment