ফর্ম বিলিতে গাফিলতি, কমিশন থেকে শোকজের চিঠি পেলেন ৮জন বিএলও, অভিযোগ জানাতে চালু হেল্পলাইন

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনের নির্দেশ মত এন্যুমারেশন ফর্ম বিলি না করার অভিযোগে আটজন বিএলওকে শোকজ করা হল। সেই সঙ্গে কমিশন বিএলওদের আরও একবার মনে করিয়ে দিল যে ফর্ম দেওয়া ও নেওয়া দুটোই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে করতে হবে। একই সঙ্গে বিএলওদের সম্পর্কে কোনও অভিযোগ থাকলে তা জানাতে আজ রবিবার থেকেই চালু করা হল বিশেষ হেল্পলাইন নম্বরও। নম্বর হল– ০৩৩-২২৩১০৮৫০।ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল কমিশন। অভিযোগ উঠেছিল, বাড়ি গিয়ে ফর্ম বিতরণের পরিবর্তে অনেক বিএলও চায়ের দোকান বা স্থানীয় ক্লাব থেকে ফর্ম বিলি করছেন। সেই অভিযোগ উঠতেই তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কমিশন।নির্বাচনী বিধি মেনে বিএলওরা যেন ভোটারদের বাড়ি গিয়ে ফর্ম বিলি ও সংগ্রহের কাজ করেন তা নিশ্চিত করতে রাজ্যের প্রতিটি জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে ফর্ম বিলির ক্ষেত্রে বিহার মডেল অনুসরণ করতে হবে। অর্থাৎ ফর্ম বিতরণ ও সংগ্রহ দুই-ই বাড়ি গিয়ে করতে হবে বিএলওদের। এই কাজের তদারকির জন্য জেলাস্তরে কন্ট্রোলরুম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি ১০টি বুথের জন্য একজন করে বিএলও সুপারভাইজার নিয়োগ করতে বলা হয়েছে। কোনও বিএলও যদি দায়িত্ব পালনে গাফিলতি করেন, তবে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*