রমিত সরকার, কৃষ্ণনগর:
নদীয়া জেলার উত্তর সাংগঠনিকের ফের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতির দায়িত্বে নির্বাচিত হলেন কিংশুক দাস। সংগঠনের অভ্যন্তরীণ বৈঠকে সর্বসম্মতভাবে তাঁর নাম গৃহীত হয়। এর আগে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করেছেন তিনি। সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া ও শিক্ষক সমাজের স্বার্থে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে আবারও এই গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনল।
কিংশুকবাবু বলেন, “সংগঠনের ঐক্য ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। দলনির্বিশেষে সকল শিক্ষককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।” তাঁর নেতৃত্বে সংগঠনের নয়া কর্মসূচি ও জেলার বিভিন্ন শিক্ষাগত সমস্যা নিয়ে আন্দোলন তীব্র করার ইঙ্গিত মিলেছে।
সংগঠনের অন্যান্য সদস্যরাও তাঁর পুনর্নিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, অভিজ্ঞ ও সক্রিয় নেতৃত্বের হাতেই সংগঠন আরও শক্তিশালী হবে।
নদীয়া উত্তর জেলা জুড়ে এই পুনর্নিয়োগে শিক্ষকমহলে ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই মনে করছেন, সংগঠনের পুরনো ছন্দ ফেরাতে কিংশুক দাসের প্রত্যাবর্তন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Be the first to comment