রোজদিন ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের বড় কর্মসূচি তৃণমূলের।রাজ্যে সম্প্রীতি, সংহতি বজায় রাখার লক্ষ্যে আগামী ৬ ডিসেম্বর সংহতি দিবসকে সামনে রেখে বৃহত্তর সমাবেশের আয়োজন করছে তৃণমূল। জানা গিয়েছে, ওইদিন ধর্মতলার মেয়ো রোডে হবে সংহতি সমাবেশ। ওই সমাবেশে উপস্থিত থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কিছুটা প্রথা ভেঙে ওই সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে শাসক দলের ছাত্র ও যুবদের। সঙ্গে থাকবে দলের সংখ্যালঘু সেলও। মঙ্গলবার এক ভিডিও বার্তায় দলের অন্যতম মুখপাত্র তথা রাজ্যের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালিত হয়ে আসছে। এটা আমাদের সাংবিধানিক অধিকার। বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতে জাতীয় ঐক্য, সম্প্রীতি দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। এবারও তাই হবে। আমাদের ছাত্র, যুব সংগঠন, সংখ্যালঘু সংগঠন মিলে তার আয়োজন করছে। সকলে আমরা ওই সমাবেশে অংশ নেব। তবে বিগত বছরগুলির তুলনায় এবার সংহতি দিবসের আয়োজনে বেশি জোর দিচ্ছে তৃণমূল। কারণ, রাজ্যে চলা এসআইআর নিয়ে বিজেপি জোরদার প্রচার শুরু করেছে কয়েক লক্ষ বাংলাদেশি সংখ্যালঘুকে এর মাধ্যমে বাদ দেওয়া হবে। আর এই আবহে যাতে এরাজ্যে কোনও উসকানি, সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি না হয়, তার মোকাবিলায় নামছে শাসক শিবির।

Be the first to comment