রোজদিন ডেস্ক : ২০০২ সালের ভোটার তালিকা থেকে রাতারাতি উধাও হয়েছে আস্ত একটা বুথ। ফলে এন্যুমারেশন ফর্ম ফিলআপ করতে পারছেন না ওই বুথের কয়েকশো ভোটার। এ নিয়ে দুশ্চিন্তায় তাঁরা। চিন্তায় সংশ্লিষ্ট বিএলও। কী করবেন ভেবে পাচ্ছেন না। ব্লক, মহকুমা দফতর এমনকি জেলাস্তরে জানিয়েও এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। তালিকা না পাওয়ায় ভোটারদের মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নং ব্লকের কালেখাতলা ১ নং পঞ্চায়েতের বেলগাছি ২৪৯ নম্বর বুথের ঘটনা। বুথের ভোটার সংখ্যা ৯৪৬ জন। বিষয়টি জানতে পেরে কালনার মহকুমাশাসক জানিয়েছেন, কোনও কারণে মিসিং হয়ে গিয়েছে তালিকা। দ্রুত আপলোড করা হবে। কিন্তু বুধবার পর্যন্ত কিছু মেলেনি। ফলে ওই বুথের কোনও ভোটারই ফর্ম জমা করতে পারছেন না। এলাকার অন্য বুথগুলির ২০০২ সালের ভোটার তালিকা পাওয়া গেলেও একমাত্র ২৪৯ নং বুথের ভোটার তালিকা উধাও। বিএলও বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছেন। ফর্ম হাতে পেলেও তা পূরণ করতে পারছেন না কোনও ভোটার। পরিস্থিতি দেখে আপাতত ফর্ম পূরণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বিএলও। এই ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। বিএলও স্বাতী মজুমদার জানান, ফর্ম বিলি করার পর বিষয়টি সামনে আসে। পাওয়া যায়নি ২০০২ সালের ভোটার তালিকা। তাই ফর্ম পূরণ করতে নিষেধ করা হয়েছে। কেন এমন হল, তা খতিয়ে দেখছে ব্লক থেকে জেলা প্রশাসন। বিষয়টি জানানো হয়েছে নির্বাচন কমিশনকেও।

Be the first to comment