রোজদিন ডেস্ক :
বিহার বিধানসভা নির্বাচনী প্রচারে গিয়ে আচমকাই পুকুরে ঝাঁপ দিয়েছিলেন তিনি। মৎস্যজীবীদের সঙ্গে মাছও ধরেছিলেন। আজ বিশ্ব মৎস্যজীবী দিবসে তাঁদের আন্তরিক শুভেচ্ছা জানালেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী।
সমাজ মাধ্যমে তাঁদের উদ্দেশ্যে এক বার্তায় তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তের জলাশয়, হ্রদ, পুকুর, উপকূল, নদী, সাগরে যাঁরা মাছ ধরে সবার স্বাদ পূরণ করছেন, তাঁদের ও তাঁদের পরিবারের সুখ, সমৃদ্ধি, উন্নয়নের জন্য কামনা করেন। তাঁদের জলের অভিভাবক, ভারতীয় সংস্কৃতির ধারক, দীর্ঘ দিনের বুদ্ধিমত্তার বাহক বলে সম্মান জানান।

রাহুল গান্ধী তাঁদের উদ্দেশ্যে আরও বলেন, আজও প্রতিদিন তিনি ওঁদের পাশে, ওঁদের সাথে আছেন। তাঁদের নিরাপত্তা, আধুনিক সুযোগসুবিধা, পরিস্কার স্বাস্থ্যসম্মত নদী ও সমুদ্র, তাঁদের সন্তানদের ভাল শিক্ষা ইত্যাদি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। মৎস্যজীবীদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দেওয়ার কথা বলেন।
প্রসঙ্গত, এবার বিশ্ব মৎস্যজীবী দিবসের মূল বিষয় ভারতের সমুদ্র ও সমুদ্রজাত খাদ্য রফতানি। ২৭ টি দেশকে নিয়ে ভারত এই দিনটি উদযাপন করছে। বিদেশে মৎস্য রফতানির ক্ষেত্রে ভারতের স্থান ও উল্লেখযোগ্য।

Be the first to comment