রোজদিন ডেস্ক : কাজের চাপে সেরিব্রালে আক্রান্ত হলেন দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের নামখানা ব্লকের ২৭৬ নং বুথের বিএলও দেবাশিস দাস (৫৭)। মঙ্গলবার এলাকায় কাজ করার সময় অসুস্থ বোধ করেন। বাড়িতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাতেই নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ডায়মন্ড হারবারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দেবাশিসবাবুকে। অবস্থা খারাপ হলে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে আসেন সাংসদ বাপি হালদার। তিনি দেবাশিসবাবুর চিকিৎসার ব্যবস্থা করেন। দেবাশিসবাবুর বড় ছেলে সৌরভ দাস বলেন, ক’দিন ধরে কাজের চাপে অসুস্থ বোধ করছিলেন তাঁর বাবা। শরীর বেশি খারাপ হওয়ায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাবা কোনও কথা বলতে পারছে না। বারবার বাবাকে বারণ করেছিলাম এত টেনশন করার দরকার নেই। এখন কি হবে বুঝতেও পারছি না। বাপি হালদার বলেন, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। আর কত মানুষ বিপদে পড়বে জানা নেই। এদিকে বনগাঁতেও আরও এক বিএলও সুশান্ত টিকাদার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

Be the first to comment