শীতকালীন অধিবেশনের দিন বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রীর, হট্টগোলের জেরে মূলতুবি সভা

Spread the love

রোজদিন ডেস্ক : সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সংসদে প্রবেশের আগে বিরোধীদের নিশানা করে সাংবাদিকদের তিনি বলেন, নাটক, স্লোগান দেওয়ার জন্য অনেক জায়গা আছে। যেখানে তাঁরা পরাজিত হয়েছেন ও আবার তাই হবেন, সেখানে গিয়ে এই সব করুন বলে বিরোধীদের কটাক্ষ করেন তিনি। রাজনীতিতে অনেক সময় নেতিবাচকতা কাজ দেয় ঠিকই, কিন্তু সংসদে তাঁরা জাতি গঠনের ওপর জোর দেবেন বলে তিনি আশা করেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বিহারের সাম্প্রতিক নির্বাচনকে গণতন্ত্রের উজ্জ্বল নিদর্শন বলে জানান৷ বিরোধীদের বিঁধে বলেন, কিছু দল এখনও নির্বাচনে পরাজয়কে গ্রহণ করতে পারেনি। ধারাবাহিক পরাজয় সংসদে আলোচনার বিষয় হতে পারে না বলে ও মন্তব্য করেন৷ তাঁর দাবি, বিরোধীরা গত ১০ বছরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন। তিনি তাঁদের জয়ী হওয়ার টোটকা বাতলাতে পারেন বলেও কটাক্ষ করেন।
তাঁর এই সব কটাক্ষ নিয়ে পালটা সরব হয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। আজ সেখানে প্রবেশের আগে তিনি বলেন, বায়ু দূষণ, এসআইআরের মত জরুরি বিষয় নিয়েও সংসদে আলোচনা হওয়া উচিত। বিরোধীরা নাটক করেন বলে প্রধানমন্ত্রীর কটাক্ষকে পালটা বিঁধে তিনি বলেন, যখন নির্বাচিত জন প্রতিনিধিদের জনস্বার্থ নিয়ে কথা বলতে দেওয়া হয় না, তখনই আদতে নাটক করা হয়। কেন তাঁদের জনস্বার্থ বিষয়ে কথা বলতে দেওয়া হয় না, তিনি প্রশ্ন তোলেন।
এবারের শীতকালীন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় প্রথম থেকেই ক্ষুব্ধ কংগ্রেস সহ বিরোধী পক্ষ।
আজ অধিবেশনের শুরুতে প্রয়াত পাঁচ জন প্রাক্তন সদস্যর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই ছাড়া বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দল ও দেশের মুখ উজ্জ্বল করা অন্যান্য ক্রীড়া বিদদের ও অভিনন্দন জানানো হয়।
এরপর বিরোধীরা তাঁদের বক্তব্য জানানোর জন্য দাবি তুলে হৈচৈ করলে অধ্যক্ষ ওম বিড়লা বলেন, আজ শীতকালীন অধিবেশনের প্রথম দিন। তিনি আশা করেন, বিতর্ক ও আলোচনায় সদস্যরা ইতিবাচক ও সক্রিয় অংশ নেবেন। তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা দেশের বিভিন্ন রাজ্যে চলা এস আই আর নিয়ে আলোচনা র দাবি জানান৷ এই নিয়ে সংসদে তুমুল হৈ হট্টগোল হলে অধ্যক্ষ সভার কাজ কিছুক্ষণের জন্য মূলতুবি করে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*