সেবাশ্রয়ের উদ্বোধনী মঞ্চ থেকে এসআইআর ও বঞ্চনা নিয়ে সরব হলেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : সাংসদ হওয়ার পর থেকেই নিজের নির্বাচনী কেন্দ্র নিয়ে সিরিয়াস অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের মত করেই ওই এলাকার মানুষকে বিভিন্ন পরিষেবা দেন। যা আপাতত ডায়মন্ড হারবার মডেল বলেই রাজ্য রাজনীতিতে পরিচিত। তারই অন্যতম অঙ্গ হল সেবাশ্রয় শিবির। প্রথম পর্বের বিপুল সাফল্যের পর সোমবার থেকে ডায়মন্ড হারবারের মহেশতলায় শুরু হল সেবাশ্রয় ২ শিবির উদ্বোধন করেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের মুখে তাঁর এই শিবির বিপুল সাড়া ফেলেছে মানুষের মধ্যে। সোমবার থেকে মহেশতলা বিধানসভার অন্তর্গত একাধিক এলাকায় শুরু হয়েছে সেবাশ্রয় ২ এর স্বাস্থ্য শিবির। ডায়মন্ড হারবার মডেল নিয়ে তিনি আত্মবিশ্বাসী, সোমবার সেবাশ্রয় ২-এর মঞ্চ থেকে সেই বার্তাই দিলেন সাংসদ। এর পাশাপাশি, তুলে ধরলেন স্বাস্থ্যশিবিরের আগামীদিনের পরিকল্পনা। এদিন অভিষেক বলেন, মহেশতলার জন্য দু’টি স্বাস্থ্যশিবির করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে অন্যান্য বিধানসভাগুলিতে ৭ দিনের জন্য একটি করে স্বাস্থ্যশিবির করা হবে। এর আগের শিবিরগুলি থেকে প্রায় ১২ লক্ষ মানুষ বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পরিষেবা পেয়েছেন। সোমবার উদ্বোধনের পর সেই তথ্য তুলে ধরেন অভিষেক। একই সঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার এসআইআর নিয়ে কমিশনকে নিশানা করে বলেন, এসআইআরের জেরে বাংলায় ৪০ জনের মৃত্যু হয়েছে। আমরা এসআইআর বিরোধী নই। কিন্তু এই অপরিকল্পিত উদ্যোগের বিরোধী। ৬ মাস ধরে এসআইআর করুন, কোনও আপত্তি নেই। বিএলওদের সঠিক ভাবে প্রশিক্ষণ দিন। এর পাশাপাশি বঞ্চনা ইস্যুতেও ফের সরব হন অভিষেক। বলেন, হাইকোর্ট একশো দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। কিন্তু মোদি সরকার সেই নির্দেশ মানছে না। রাজ্যের প্রায় ২ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। এক টাকাও দেয়নি কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*